সংবাদ

নাসিরনগরে চাচার হাতে ভাতিজি খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে পারিবারিক কলহের জেরে চাচার ছোড়া ঢিলের আঘাতে এক নারী নিহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নুরজাহান (৪০)। তিনি ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হরিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের সঙ্গে তার ভাতিজা ইলিয়াস আলীর পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় আব্দুল কুদ্দুসের ছোড়া একটি বড় ঢিল নুরজাহানের গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে পাশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নাসিরনগরে চাচার হাতে ভাতিজি খুন