সংবাদ

ছাগলনাইয়ায় বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশি একনলা বন্দুক ও চারটি কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওবায়দুল হক ওই গ্রামের মৃত ছেরাজুল হক মজুমদারের ছেলে।র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পশ্চিম দেবপুর গ্রামে ওবায়দুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তার নির্মাণাধীন একটি ঘরের বাথরুমের ছাদের ওপর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি একনলা বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, ওবায়দুল হকের কাছে অবৈধ অস্ত্র থাকার খবর পেয়ে এই অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আজ বুধবার উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ছাগলনাইয়ায় বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেপ্তার