বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি শাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের আয়োজনে কেন্দ্রীয় ইয়ংড বৌদ্ধবিহার থেকে এই শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বৌদ্ধ ধর্মমতে, এই বৈশাখী পূর্ণিমার তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই ত্রি-স্মৃতিবিজড়িত দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।দিবসটি উপলক্ষে বিহারে বিহারে বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তি দানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশেষ প্রার্থনায় বাংলাদেশসহ বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। আয়োজকেরা জানান, গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।