সংবাদ

বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে তরুণ আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম (২৪) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাইনুল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। জামায়াতে ইসলামীর দাবি, মাইনুল তাদের দলের কর্মী।স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুল বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় চার-পাঁচজন মুখোশধারী সেখানে আসেন। তারা টর্চলাইটের আলো জ্বেলে মাইনুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা মাইনুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাইনুলকে গুলি করে পালিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি।’বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে তরুণ আহত