সংবাদ

কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানায় জরিমানা, সিলগালা

গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘আবদুল্লাহ অ্যাগ্রো ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (১০ মে) মধ্যরাতে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত কারখানায় এ অভিযান চালানো হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর অংশ নেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামজ্ঞী ও উপকরণ জব্দ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অভিযানে অন্যান্যের মধ্যে র‍্যাব-১-এর মেজর রবিউল আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানায় জরিমানা, সিলগালা