সংবাদ

তালাবদ্ধ ঘরে ‘রহস্যজনক’ আগুন

বাগেরহাটের শরণখোলায় তালাবদ্ধ একটি বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক দিনমজুরের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, মোটরসাইকেলসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১০ মে) বিকেলে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।ভুক্তভোগী দিনমজুর চুন্নু মোড়ল দীর্ঘদিন ধরে খুলনায় চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি সুস্থ হয়ে এলাকায় ফিরে তিনি নিজের বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে তার ঘরটি বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ ছিল।প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে হঠাৎ করে ঘরটির চারপাশ থেকে একযোগে আগুন জ্বলে ওঠে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি খোঁজ নিয়েছি। ঘরটি দীর্ঘদিন জনশূন্য থাকার পরও কীভাবে সেখানে আগুন লাগল, তা রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তালাবদ্ধ ঘরে ‘রহস্যজনক’ আগুন