সংবাদ

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবককে বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মম নির্যাতন চালিয়েছে একটি ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা। নির্যাতনের সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।ভুক্তভোগী যুবকের নাম আপন শেখ (১৮)। তিনি শোমসপুর ইউনিয়নের বি-মির্জাপুর গ্রামের তুহিন শেখের ছেলে। এ ঘটনায় আহতের বাবা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের এক সদস্য। শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আরও কয়েকজন তাকে জোরপূর্বক বিদ্যালয়ের পেছনের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের সময় ৩৩ ও ৫১ সেকেন্ডের দুটি ভিডিও ধারণ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, আপনকে কান ধরে ওঠবস করানোসহ অমানবিক আচরণ করা হচ্ছে।আহত আপন জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে। তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। বর্তমানে গলায় আঘাতের কারণে সে কোনো খাবার গিলতে পারছে না।আপনের বাবা তুহিন শেখের অভিযোগ, জমি নিয়ে তার শ্যালকের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ রয়েছে। ওই পক্ষটি কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে এই হামলা চালিয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তরা এলাকায় মহড়া দিচ্ছে এবং পরিবারটিকে মুখ না খুলতে চাপ দিচ্ছে।অভিযুক্ত কিশোর গ্যাংয়ের কথিত নেতা আবিরের বাবা আজাদ শেখ নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, জমি নিয়ে ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে। তবে তিনি তার ছেলেকে শাসন করেছেন বলে দাবি করেন।খোকসা থানার উপপরিদর্শক (এসআই) আলাল বলেন, অভিযোগ পাওয়ার পর দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়ায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ভিডিও ভাইরাল