সংবাদ

মাগুরায় তেলের মিলে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় একটি তেলের মিলে কাজ করার সময় মেশিনের মোটরের ফিতায় জড়িয়ে সোবহান হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নতুন বাজারের ‘অলোক অয়েল মিল’-এ এই দুর্ঘটনা ঘটে।নিহত সোবহান হোসেন মাগুরা পৌরসভার দোয়ারপাড়া এলাকার শহর আলীর ছেলে।মিল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও কাজে যোগ দিয়েছিলেন সোবহান। বেলা ১১টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি মেশিনের মোটরের ফিতার সঙ্গে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন।পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন।তেল মিলের মালিক অলোক সাহা বলেন, ‘কাজ করার সময় হঠাৎ মোটরের ফিতায় জড়িয়ে পড়ে সোবহান। দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরায় তেলের মিলে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু