সংবাদ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায় "জাতীয় ক্যাম্পেইন"

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায়  “জাতীয় ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মে) সকালে শহরের মুনজিতপুর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্প- এর আওতায় আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন সহ আরো অনেকে।কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায়