সংবাদ

মান্দায় আবৃত্তি চর্চা প্রসারে দিনব্যাপী কর্মশালা

নওগাঁর মান্দায় আবৃত্তি চর্চা সম্প্রসারণের লক্ষ্যে ‘কাব্য কথন’ শীর্ষক দিনব্যাপী এক আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে মান্দা উপজেলা শিল্পকলা একাডেমি।উপজেলায় আবৃত্তিবিষয়ক নতুন শাখা চালুর লক্ষ্যেই মূলত এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও আবৃত্তিপ্রেমীরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, আবৃত্তি ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি করে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে আবৃত্তি অত্যন্ত সহায়ক। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে উপজেলায় নতুন নতুন আবৃত্তিশিল্পী তৈরি হবে।দিনব্যাপী এ কর্মশালায় আবৃত্তির শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা কৌশল, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ ও কবিতা পাঠের বিভিন্ন কারিগরি দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন।আয়োজকেরা জানান, উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করতে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের সৃজনশীল কর্মশালার আয়োজন করা হবে।

মান্দায় আবৃত্তি চর্চা প্রসারে দিনব্যাপী কর্মশালা