হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবল বৃষ্টির তোড়ে উপজেলার মোরাকরি এলাকায় বলভদ্র সেতুর গোড়ার মাটি সরে গিয়ে বড় আকারের ধস দেখা দিয়েছে। এতে সেতুর সংযোগস্থলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার সঙ্গে যোগাযোগের প্রধান এই সড়কের সেতুর গোড়ার অংশটি ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে।চালক ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় রাস্তাটি পুরোপুরি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি উপজেলার যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই পথে চলাচল করে। দ্রুত পদক্ষেপ না নিলে তাঁদের ভোগান্তি চরমে পৌঁছাবে।লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধসে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। শিগগিরই মেরামত কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।