চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সুরক্ষা পিলারে ধাক্কা লেগে সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সাজ্জাদ একজন হাফেজে কোরআন ছিল। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ইছাপুর সত্তারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে। সে হাটহাজারী পৌর সদরের একটি মোবাইল ফোনের দোকানে চাকরি করত। দুর্ঘটনায় তানভির নামে সাজ্জাদের এক বন্ধু গুরুতর আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ ও তানভির মোটরসাইকেলে করে ইছাপুর বাজার থেকে সত্তারঘাটের দিকে যাচ্ছিল। হালদা সেতুসংলগ্ন বাঁকে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানভিরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন