গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় এক জ্যেষ্ঠ সাংবাদিকের বাসার গ্যারেজের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার ( ১২ এপ্রিল) দিবাগত শেষ রাতে ওই এলাকার জাকারিয়া মঞ্জিলে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম দৈনিক আগামীর সময় পত্রিকার উপসম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠ’র সাবেক জ্যেষ্ঠ সহসম্পাদক। তিনি বড় দেওড়া এলাকার হাজী আস্কর আলী রোডের ওই বাড়িতে ভাড়া থাকেন।
তার কালো রঙের একটি বাজাজ ডিসকভার (১১০ সিসি) মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘ভোররাতে বাসার মূল ফটকের তালা ভেঙে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি নিয়ে গেছে চোরেরা। চুরির সময়ের সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। আশা করছি, পুলিশ দ্রুত গাড়িটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করবে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মোটরসাইকেল চুরির একটি অভিযোগ ও সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আপনার মতামত লিখুন