কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন একটি গেট ধসে মো. রাসেল মিয়া (২৫) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।
নিহত রাসেল মিয়া সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতরা হলেন স্বল্পমারিয়া গ্রামের হাসান মিয়া (২২), মারিয়া গ্রামের আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার মাটিকাটা গ্রামের মো. রানা (২৬)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর মূল ফটকের নির্মাণকাজ চলছিল। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। সেখানে ১৫ থেকে ২০ জন শ্রমিক কর্মরত ছিলেন। ঢালাইয়ের সময় সেন্টারিং (শাটারিং) দুর্বল থাকায় লোড নিতে না পেরে হঠাৎ গেটটি ধসে পড়ে। এতে চারজন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়ার মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন