নরসিংদীর মাধবদী কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। সোহান আহমেদ সাব্বির নামের ওই শিক্ষার্থী কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ১৬ এপ্রিল এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিরীন সুলতানার সই করা ওই আদেশে বলা হয়েছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রায় সোহান কলেজের ব্যানার ব্যবহার করে কিছু বহিরাগত ব্যক্তিসহ ‘রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ’ সংগঠনের পক্ষে স্লোগান দেন। তার এই কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহী’ এবং কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
অফিস আদেশে আরও জানানো হয়, দেশবিরোধী ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সোহান আহমেদ সাব্বিরকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এই বহিষ্কারাদেশের অনুলিপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওই ছাত্রের অভিভাবকের কাছে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বহিষ্কৃত ছাত্র সোহান আহমেদ বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন