নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে কাটাখালী ঘাট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আপাতত জিও ব্যাগ ও জিও টিউব স্থাপনের মাধ্যমে কাটাখালী ঘাটসহ আশপাশের এলাকা রক্ষা করা হবে। ভবিষ্যতে সুবর্ণচরের নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছরে কাটাখালী ঘাট এলাকা কয়েক দফায় মেঘনার ভাঙনের কবলে পড়েছে। বর্ষার আগেই এই প্রতিরক্ষামূলক কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, জনদাবীর মুখে জরুরি ভিত্তিতে প্রায় ৩৫০ ফুট এলাকায় তীর রক্ষার এই কাজ শুরু হয়েছে। এ অংশে জিও ব্যাগ ও জিও টিউব ব্যবহার করে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন