বগুড়া সদর উপজেলায় এক দিনের এক নবজাতককে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মা ও সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা নিপা ও তার বর্তমান স্বামী (সৎ বাবা) দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া শহরের শুকুর আলীর সঙ্গে নিপার বিয়ে হয়েছিল। ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর গত মার্চ মাসে নিপা তেলিহারা গ্রামের দুলালকে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই মাস পর গতকাল শুক্রবার রাতে নিপা একটি ছেলে সন্তান প্রসব করেন। স্থানীয়দের ধারণা, আগের সম্পর্কের এই সন্তানকে নিয়ে সামাজিক লোকলজ্জার ভয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
অভিযোগ উঠেছে, আজ ভোরে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যার পর মরদেহটি বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন নিপা ও দুলাল। দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লোকলজ্জার ভয়েই এই দম্পতি শিশুটিকে হত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন