সংবাদ

টেলিভিশন

পর্দায় আসছে মোশাররফ করিমের ‘বইপোকা’

নতুন গল্প ও ভিন্নধর্মী ভাবনা নিয়ে দর্শকদের সামনে আসছে ‘বইপোকা’ নামের একটি নাটক। তরুণ নির্মাতা রাজ্জাক রাজ পরিচালিত এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং নীলাঞ্জনা নীলা।১ মে থেকে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার শুরু হয়, আর পরদিন থেকে এটি ইউটিউবেও দেখা যাচ্ছে। গাজীপুরের পূবাইলের মনোরম গ্রামীণ পরিবেশে ধারণ করা হয়েছে নাটকটির দৃশ্য। গল্পে মোশাররফ করিমকে দেখা যাবে হাসান জহির চরিত্রে, আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। শহরের উচ্চ বেতনের চাকরি ও বিলাসবহুল জীবন ছেড়ে স্ত্রীকে নিয়ে গ্রামে চলে আসে হাসান। তার লক্ষ্য সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে বই পড়ার মাধ্যমে সচেতন করে তোলা। হাসানের বিশ্বাস, মানুষ মানুষকে ছেড়ে যেতে পারে, কিন্তু বই কখনো কাউকে ছেড়ে যায় না। তাই গ্রামে যেখানেই অন্যায়, অরাজকতা বা অসংগতি দেখতে পান, সেখানেই বই নিয়ে হাজির হন তিনি। মানুষের জ্ঞানের ঘাটতি পূরণে বই তুলে দিতে চান সবার হাতে। কিন্তু বাস্তবতা ভিন্ন গ্রামের মানুষ তার এই প্রচেষ্টাকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে অবজ্ঞা করে, অপমানও করে।নির্মাতা রাজ্জাক রাজ জানান, নাটকটিতে সামাজিক নানা অসঙ্গতি, কুসংস্কার এবং যৌতুক প্রথার মতো বিষয়গুলোও উঠে এসেছে। এক পর্যায়ে দেখা যায়, মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বাপের বাড়ি পাঠাতে চাওয়া এক ব্যক্তিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন হাসান। কিন্তু তার এই মানবিক উদ্যোগও সহজভাবে নেয় না সমাজ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন। এতে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজান, ইমরান হাসো, মোহাম্মদ রফিক, ফাহামিদা তৃষা, লিমন আহমেদ, মহসিন আকাশ ও প্রিম রোজসহ অনেকে।  সমাজকে ভিন্নভাবে ভাবতে শেখানোর বার্তা নিয়ে নির্মিত ‘বইপোকা’ নাটকটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক অর্থবহ ও চিন্তার খোরাক জোগানো আয়োজন।

পর্দায় আসছে মোশাররফ করিমের ‘বইপোকা’